ভোলা সরকারি কলেজের ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের হামলায় ছাত্রসমাজের ১০ কর্মী আহত হয়েছেন। কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ছাত্রসমাজ মহড়া দিতে গেলে এ ঘটনা ঘটে। একই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে ছাত্রসমাজের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রসমাজের দুই কর্মী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র শফিকুল হায়দার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র মো. শাকিলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজনা বিরাজ করায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। জেলা ছাত্রসমাজের সদস্যসচিব আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রসমাজে যোগ দেওয়ায় ওরা ক্ষিপ্ত হয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী বলেন, ‘আমরা কলেজ ক্যাম্পাসে যাওয়ার আগে সব শেষ হয়ে গেছে। আর যাতে কোনো উত্তেজনা না হয়, সে জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করছি।’