রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংগঠনের তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের কর্মী মাসুদের অনুরোধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর কর্মী সাইমন একটি বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে ছাত্রলীগের কর্মী আরিফের সঙ্গে কথা বলতে যান। এ সময় আরিফ সাইমনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ঘটনার পর সাইমন তাঁর বন্ধুবান্ধব ও সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে রাতে বঙ্গবন্ধু হলের সামনে আরিফের সঙ্গে সমঝোতা করতে আসেন। একপর্যায়ে হল শাখা ছাত্রলীগের ১৫/২০ জন কর্মী সাইমনের সঙ্গে থাকা ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলা চালান। হামলায় সাইমন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক আশরাফ হাওলাদার আহত হন। এ ঘটনার কিছুক্ষণ পর ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা একত্রিত হয়ে ছাত্রলীগের কর্মী আরিফকে ছুরিকাঘাতে আহত করেন। ছাত্রলীগের কর্মী আরিফ এ ঘটনায় গতকাল বুধবার সাইমনসহ ১২ জনকে আসামি করে মামলা করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।