ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ হয়, বিচার হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিবছর। এই দুই ছাত্রসংগঠনের আধিপত্য বিস্তারের রাজনীতিতে রক্তাক্ত হচ্ছে ক্যাম্পাস। অভিযোগ রয়েছে, এসব সংঘর্ষ ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিরা বরাবরই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্যাম্পাসে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে অন্তত তিনটি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন দুই শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত ৭৫ নেতা-কর্মী। এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি ৮ ফেব্রুয়ারির সংঘর্ষে যাঁদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল, তাঁদের শনাক্ত করেছে। তাঁদের ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে গত ৮ ফেব্রুয়ারি। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের এ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান দুই শিক্ষার্থী। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর মোহাম্মদ নাসিম হাসানসহ ৪০ জন আহত হন। জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংঘর্ষের ঘটনায় জীববিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন নুরুল আনোয়ারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ওই দিনের সংঘর্ষের জন্য ছাত্রশিবিরকে দায়ী করে। কমিটি একই প্রতিবেদনে সংঘর্ষে জড়িত ছাত্রলীগ ও ছাত্রশিবিরের ৩৫ জনের নাম প্রকাশ করে। তাঁদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার সুপারিশ করে কমিটি। তবে এখন পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়িত হয়নি বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মহাজোট সরকারের আমলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে ২০০৯ সালের ১৪ মে। ওই দিন রাতে মসজিদে রাজনৈতিক সভা আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে তা বিশ্ববিদ্যালয়ের অন্য আবাসিক হলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ নেতা-কর্মী আহত হয়েছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রসায়ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আবদুছ সালামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। তবে কমিটি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেয়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।এরপর গত বছরের ২৫ সেপ্টেম্বর শাহজালাল হলের একটি কক্ষে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে গভীর রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায়ও তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিটি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও অনেক ক্ষেত্রে কমিটি প্রতিবেদন জমা দেয় না। এতে জড়িত ব্যক্তিরা পার পেয়ে যান। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় তাঁরা পরবর্তী সময়ে নতুন করে অপরাধ সংঘটনে উৎসাহ পান। ফলে ক্যাম্পাসে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।