ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত রোববার ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার দুটি মামলা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দুটি করা হয়। এদিকে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর গতকাল আবাসিক হল ছেড়েছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় থানা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) এস আই নুরুজ্জমান বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে অন্য মামলাটি করেন।বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।রোববার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের পর রাত সাড়ে ১১টার দিকে সিন্ডিকেটের জরুরি সভায় ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ঘোষিত সময় অনুযায়ী গতকাল সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।