ছাত্রলীগ-জামায়াত সংঘর্ষে আহত ৭
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ার হাটে গতকাল বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজুমিয়ারহাট বাজারের জামে মসজিদে জামায়াতের সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। চরকাদিরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ফজলে এলাহী বলেন, মসজিদের মধ্যে জামায়াতের কর্মিসভায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জামায়াত-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর, যুবলীগের কর্মী নোমান উদ্দিন, মো. স্বপন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আহত হন। চরকাদিরা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম বলেন, মসজিদের দোতলায় তাঁদের কর্মিসভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালান। হামলাকারীরা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মো. জসীম উদ্দিনের ওষুধের দোকান এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক নোমান উদ্দিনের মুঠোফোন ও টেলিভিশন মেরামতের দোকানে ভাঙচুর চালান। ওই সময় নোমান উদ্দিনসহ তিন কর্মী আহত হন।