ছাত্রলীগ তরুণ, ভুলত্রুটি হতেই পারে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম । ফাইল ছবি
সৈয়দ আশরাফুল ইসলাম । ফাইল ছবি

ছাত্রলীগের নেতা-কর্মীরা বয়সে তরুণ এবং তাঁদের ‘ভুলত্রুটি’ হতেই পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বর্তমান বাংলাদেশে ছাত্র রাজনীতি করা খুব কঠিন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও তাঁদের সন্তান শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় সৈয়দ এ মন্তব্য করেন।
সম্প্রতি মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মা ও তাঁর পেটের শিশু গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় এক বৃদ্ধ গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনার পর ছাত্রলীগের সমালোচনা হচ্ছে সবখানে।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘অনেকেই আপনার, পত্রপত্রিকাও দেখি, দলের লোকজনও, ছাত্রলীগকে নিয়ে টিটকারি দেয়। আমি অত্যন্ত ব্যথিত হই। এরা বয়সে তরুণ, ভুলত্রুটি হতেই পারে। কিন্তু তাদের অবজ্ঞা করা বা তাদের একেবারে সাধারণ মানুষের সমান সম্মানও দেখানো হয় না। তারপরও ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে।’

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ মানে চাঁদাবাজি, ছাত্রলীগ মানে সন্ত্রাস, ছাত্রলীগ মানে হলো দখল, ছাত্রলীগ মানে যত ধরনের অপকর্ম হতে পারে সব বিশেষণই ছাত্রলীগ এবং ছাত্রলীগ নেতাদের পেছনে লাগানো হয়। এটা সাংঘাতিক অন্যায়। আবার এদেরকেই যদি বলেন-এরাই ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ বলে তাদের যদি এখনই নিঃশেষ করি দেই; তাহলে আমাদের ভবিষ্যৎ, এই বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে? ’
ছাত্রলীগের অবদানের কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি, অনেকেই আমার যারা সহকর্মী, ছাত্রলীগের যে কনট্রিবিউশনটা তারা মানতে রাজি না। আমাদের রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি। আজকে আমি এ পর্যায়ে এসেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। এ প্র্যাকটিস হয়েছে ছাত্রলীগের মধ্য থেকে। ছাত্রলীগ ছাত্রদের একটা রাজনৈতিক দল।’
আশরাফ বলেন, ‘পৃথিবীর সব দেশেই ছাত্র সংগঠন, রাজনীতি আছে। এখান থেকে ট্রেনিং হয় ভবিষ্যতের নেতার। দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ সেই দায়িত্বটাই পালন করছে। প্রতিবছরই নতুন নতুন জাতীয় নেতা তারা সৃষ্টি করছে। এটার ধারাবাহিকতা রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এক সময় আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন ছিল ছাত্র রাজনীতির স্বর্ণযুগ। এখন সেটা আর নাই। তার মধ্যেও আপনাদেরকে সেই স্বর্ণযুগে ছাত্রলীগকে নিয়ে যেতে হবে। এটা পারবেন শুধু আপনারাই।’
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, এনামুল হক শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।