ছাত্রলীগ নামধারী টেন্ডারবাজদের ওয়াসার কার্যালয় ভাঙচুর
রাজধানীতে ওয়াসার মিরপুর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগ নামধারী টেন্ডারবাজরা।পুলিশ ও ওয়াসা কার্যালয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে কয়েকজন যুবক পাম্প মোটর বসানো ও ওঠানোর যান্ত্রিক রক্ষণাবেক্ষণের দরপত্রের শিডিউল কেনার জন্য মিরপুরে সরকারি বাঙলা কলেজ-সংলগ্ন ওয়াসার মিরপুর কার্যালয়ে যায়। তারা নিজেদের বাঙলা কলেজের ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে তাদের ছাড়া অন্য কারও কাছে শিডিউল বিক্রি না করতে হুমকি দেয়। কিছুক্ষণ পর ২০-২৫ জন লাঠিসোঁটা হাতে কার্যালয়ের সামনে রাখা দুটি গাড়ি ও দুটি ক্রেনের কাচ ভাঙচুর করে। কর্তব্যরত নিরাপত্তাকর্মী ও গাড়িচালকেরা বাধা দিলে তাঁদের পেটানো হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়দানকারীরা ওই কার্যালয়ের কয়েকটি ভবনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব আসে। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।ওয়াসার মিরপুর কার্যালয়ের রক্ষণাবেক্ষণ (ফিল্ড মেইনটেন্যান্স) বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলাকারীদের ছাড়া অন্য কারও কাছে শিডিউল বিক্রি না করার জন্য তারা হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে ওয়াসার মিরপুর কার্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।দারুস সালাম থানার ওসি আবদুল মালেক বলেন, রুবেলের নেতৃত্বে ওয়াসার মিরপুর কার্যালয়ের টেন্ডারবাজি হয়ে থাকে। গতকালও এরাই ওয়াসা ভবন ভাঙচুর করেছে। তদন্ত চলছে।