ছাত্রলীগ নামধারী শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকদের একাংশের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ নামধারী শিক্ষার্থী ও তাঁদের সমর্থনে শিক্ষানবিশ চিকিৎসকদের একাংশ গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। গতকাল কলেজে কোনো ক্লাস হয়নি।কর্মচারীদের হাতে শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্মচারীদের শাস্তির দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। এদিকে শিক্ষানবিশ চিকিৎসক ও কর্মচারী ইউনিয়ন পৃথকভাবে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ১২১ জন শিক্ষানবিশ চিকিৎসকের মধ্যে ৩২ জন চিকিৎসক গতকাল কাজে যোগ দেননি। শিক্ষানবিশ চিকিৎসক রওশন আরার নেতৃত্বে ৩২ জন চিকিৎসক দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। এতে শিক্ষার্থীদের লাঞ্ছনাকারী কর্মচারীদের বিচারসহ তিন দফা দাবি জানানো হয়। রওশন আরা সাংবাদিকদের বলেন, ‘কর্মচারীরা অন্যায়ভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তাই ধর্মঘট করছি।’ ছাত্রলীগ নামধারী পঞ্চম বর্ষের শিক্ষার্থী খন্দকার আশরাফুল হক বলেন, ‘আমাদের ওপর কর্মচারীরা হামলা চালিয়েছে। তাই ধর্মঘট ডাকা হয়েছে।’ কলেজের অধ্যক্ষ আবদুুর রউফ বলেন, ‘কলেজে ছাত্রসংগঠনগুলোর সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। কেউ এভাবে ধর্মঘট ডাকতে পারে না। ক্লাসে যোগ দিতে শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়েছে।’ তিনি জানান, এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। গত বৃহস্পতিবার ছাত্রলীগের নামধারী নেতা-কর্মীরা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ১০ জন কর্মচারীর কোটা দাবি করে পরিচালকের কার্যালয় ঘেরাও করে। এ সময় তাদের সঙ্গে কর্মচারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।