ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের কাছে জিম্মি নড়াইলবাসী!
বেপরোয়া হয়ে উঠেছে নড়াইলের ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। তাদের চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে শহরবাসী একরকম জিম্মি হয়ে পড়েছে। সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের বেশির ভাগ কর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। মহাজোটের শরিক দলগুলোর নেতারা মনে করেন, এখানে আওয়ামী লীগের মধ্যে দলাদলি রয়েছে। শীর্ষস্থানীয় কিছু নেতার নোংরা রাজনীতিচর্চার কারণে এবং নেতা-কর্মীদের ব্যবহার করায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশ্বস্ত সূত্র থেকে ও অনুসন্ধান করে জানা গেছে, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলম ও নান্না এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান ও ভিক্টোরিয়া কলেজের সাবেক সহসভাপতি গাউসুল আজম বর্তমানে এসব সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করছেন। তবে হাফিজ খান, গাউসুল আজম, সরদার আলম ও নান্না এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল জানান, ছাত্রলীগ নামধারী কয়েকজন সন্ত্রাসী চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘আমি নিজেও তাদের হাতে হামলার শিকার হয়েছি। আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশের আশ্রয়-প্রশ্রয়ের কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’ সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র মনিরুল ইসলাম ও নাজমুল হোসেন অভিযোগ করেন, কলেজের পেছনে ছাত্রাবাসে থাকাকালে শবে বরাতের আগের দিন রাতে কয়েকজন পিস্তল দেখিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দিতে না পারায় তাদের দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। যারা এসেছিল তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। নিরাপত্তার খাতিরে ওই দুই ছাত্র নেতা-কর্মীদের নাম বলতে চাননি।গোধূলি মেসে থাকতেন সোহেল ও শাওন নামের দুই চাকরিজীবী। গত ২১ জুলাই পারভেজ ও তার সঙ্গীরা গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় তারা দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ভয়ে এখন তাঁদের ওই মেস ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ৩ আগস্ট নড়াইল ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আশিক, উত্তম ও সোয়ান আহত হন। এ ঘটনার জের ধরে পরদিন প্রতিপক্ষের নেতা-কর্মীরা ছাত্রলীগ কর্মী ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র পারভেজকে কুপিয়ে জখম করে। এর আগে ২০ জুলাই ছাত্রলীগের কয়েকজন ক্যাডার নড়াইল ভিক্টোরিয়া কলেজের মধ্যে কাজল নামে এক ছাত্রকে বেধড়ক পেটায়। ২৭ জুলাই পারভেজ শহরের কুরিগ্রাম এলাকার রাজীব নামে এক যুবককে কুপিয়ে জখম করে।২২ আগস্ট শহরের চিত্রা ব্রিজ এলাকায় ভিক্টোরিয়া কলেজ শাখার ছাত্রলীগ কর্মী মুকুলকে কুপিয়ে জখম করা হয়। এর জের ধরে ওই দিন রাতেই মাছিমদিয়া মসজিদে তারাবির নামাজ পড়ে বের হওয়ার সময় আছুব্বর (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের একটি পক্ষ মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বলেন, ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী চাঁদাবাজি, ছিনতাই, বোমাবাজি, মারামারিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের নামের তালিকা পুলিশের কাছে দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল মাহামুদ বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা পৌর ছাত্রলীগের কোনো সদস্য নয়। মহাজোটের শরিক দল জাতীয় পার্টির জেলা সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ডে নড়াইলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করা না গেলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভূলুণ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বলেন, ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী শহরের পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর বলেন, ‘ভাইয়ে ভাইয়ে মারামারি করছে, তা আমরা কী করতে পারি। তার পরও আমরা চেষ্টা করছি যাতে মারামারি না হয়।’ পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুর রহমান বলেন, ‘এখানে ছাত্রলীগের মধ্যে দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে কয়েকজন শহরের পরিবেশটা নষ্ট করছে। বর্তমানে তারা গা-ঢাকা দিয়ে থাকায় পুলিশ খুঁজে পাচ্ছে না।’