কুমিল্লায় আবদুল মতিন খসরু
ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ছাড় দিলে তা হবে আ.লীগের জন্য আত্মহনন
সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরু বলেছেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ছাড় দিলে তা হবে আওয়ামী লীগের জন্য আত্মহননের শামিল। এ অবস্থা রুখতে না পারলে বিএনপি-জামায়াত জোটের পরিণতির চেয়েও খারাপ হবে।গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা লতিফা ইসমাইল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রথম আলোকে মতিন খসরু এসব কথা বলেন। আবদুল মতিন খসরু বলেন, ‘যারা চিহ্নিত সন্ত্রাসী, তারা আইনের দণ্ড থেকে রেহাই পেতে পারে না।’এর আগে লতিফা ইসমাইল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মতিন খসরু বলেন, ‘দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের কাজ করতে হবে। এ জন্য লেখাপড়া, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে বড় হতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সারওয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার, শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম ও শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।