ছাত্রলীগ-নেতা ইমরান হত্যায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
খুলনার তেরখাদা উপজেলায় ছাত্রলীগের নেতা ফকির ইমরান আলী হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার রাতে ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।মামলায় তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেরখাদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কওছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের আসামি করা হয়েছে। নিহত ইমরানের বড় ভাই এবং শনিবার সকালের ওই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ মো. সাহেব আলী তেরখাদা থানায় এই হত্যা মামলা করেন।এদিকে ইমরান হত্যাকাণ্ডের প্রতিবাদ, অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান শহিদুলসহ অন্যদের গ্রেপ্তার এবং তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে তেরখাদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সহস্রাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা তেরখাদা সদরে ছাত্রলীগের নিহত নেতার বাড়িতে প্রতিবাদ সমাবেশ করে। একই দাবিতে বিকেলে আবার বিক্ষোভ মিছিল বের হয়।প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের স্ত্রী ইভা রহমান, খুলনা জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার ও তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুল আলম গতকাল দুপুরে ইমরানের বাড়িতে যান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় ওই বাড়িতে অনুষ্ঠিত সমাবেশে তাঁরা বক্তব্য দেন। সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের নেতা বদরুল আলম বাদশা, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা কৃষক লীগের সহসভাপতি ও তেরখাদা ইউপির চেয়ারম্যান প্রার্থী এফ এম ওয়াহিদুজ্জামান এবং তেরখাদা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা চম্পা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত হত্যা মামলায় এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, গত শনিবার সকালে ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ইমরান আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তাঁর বড় ভাই সাহেব আলীসহ সাতজন আহত হন।