প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গতকাল শনিবার কথাকাটাকাটিকে কেন্দ্র করে জিয়া হলের ছাত্রলীগ কর্মীদের পিটিয়েছে জসীমউদ্দীন হলের ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় সকাল ১১টার দিকে ওই দুই হলের ছাত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, টিএসসি মোড়সংলগ্ন দোকান ‘ডাচ’-এর সামনে জসীমউদ্দীন হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে জিয়া হলের ছাত্রলীগের কর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জসীমউদ্দীন হলের সোহেল, আতিক, এহতেশামসহ কয়েকজন জিয়া হলের ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায়। এতে শাওন নামে একজন গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।