ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে ঠিকাদার লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গতকাল মঙ্গলবার দরপত্র দাখিল করতে এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে দুই ঠিকাদার ও দুই কর্মচারী লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গতকাল ঠিকাদারেরা দরপত্র দাখিল করতে আসেন। সকাল থেকেই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জামাল হোসেন শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় দরপত্র দাখিল করা নিয়ে কয়েকজন ঠিকাদারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। দুপুর দুইটার দিকে ঠিকাদার সুফিয়ান আহমদ উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করার জন্য জামালকে অনুরোধ করলে তিনি ও তাঁর লোকজন তাঁকে লাঞ্ছিত করেন। অপর ঠিকাদার বশর মিয়া এগিয়ে এলে তিনিও লাঞ্ছিত হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মাহবুবুল আহমদ ও এলজিইডি কার্যালয়ের কর্মচারী ফয়েজ আহমদও লাঞ্ছিত হন।সুফিয়ান আহমদ বলেন, ‘আমি তাঁকে (আহ্বায়ক জামাল) অনুরোধ করে বলি, ভাই সিলেট থেকে টেন্ডার দাখিল করতে এসেছি। আমাদের মারবেন না, আমরা এখানে আর একটিও টেন্ডার দাখিল করব না। কিন্তু তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে (খালি হাতে) থাকেন।’ জামাল হোসেন দাবি করেন, তিনি টেন্ডার দাখিল করতে গেলে সিলেট থেকে আসা একজন ঠিকাদার তাঁকে বাধা দেন। এ সময় তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। তাঁকে তিনি মারেননি। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় জামাল হোসেনসহ ছয়জনকে আসামি করে মাহবুবুল আহমদ মামলা করেছেন।