ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে পুলিশ লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে পুলিশ লাঞ্ছিত হয়েছে। তবে ছাত্রলীগ উল্টো পুলিশকে দায়ী করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০-১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশকে নির্যাতনের অভিযোগ আনা হয়।এদিকে গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্মারকলিপিতে দাবি করা হয়, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান ও সহসভাপতি মো. আরাফাত হোসেন মোটরসাইকেলে যাওয়ার সময় সরকারি মিলনায়তনের সামনে ছাত্রলীগের সাবেক এক নেতার সঙ্গে এক ব্যক্তির বাগিবতণ্ডা দেখে মোটরসাইকেল থেকে নেমে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় পাশে সোনালী ব্যাংকে দায়িত্বরত চার পুলিশ সদস্য ও সাদা পোশাকের এক পুলিশ ছাত্রলীগের নেতাদের কলার চেপে ধরে। একপর্যায়ে দুই নেতাকে ব্যাংকের ভেতরে নিয়ে নির্যাতন করতে থাকে। বর্তমানে ওই দুজন হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শহরের সোনালী ব্যাংকের সামনে টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় ব্যাংকের নিরাপত্তারক্ষী পুলিশ সদস্যরা ব্যাংকের নিরাপত্তার স্বার্থে তাদের দূরে সরে যেতে বলেন। এ নিয়ে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পঞ্চগড় থানা থেকে পুলিশ গিয়ে জেলা ছাত্রলীগের দুজন নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের হাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আকতার হোসেনকে কিলঘুষি ও লাথি মারে।তবে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশই আমাদের নেতা-কর্মীদের মারপিট করে।’পঞ্চগড় থানার এসআই দীন মোহাম্মদ বলেন, ‘ব্যাংকের সামনে দুই গ্রুপে গণ্ডগোল করায় নিরাপত্তার জন্য ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান ও সহসভাপতি আরাফাত হোসেনকে থানায় নিয়ে আসি।’ সহকারী পুলিশ সুপার মো. শাহাবউদ্দিন জানান, এই ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।