ছাত্রলীগ নেতা খুনের অভিযোগে চারজন গ্রেপ্তার, রিমাণ্ডে
ছাত্রলীগ নেতা সৈয়দ অহিদুজ্জামান হত্যায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও দলের অন্তর্দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। গত মঙ্গলবার দিনের বেলা আদাবর থানার শেখেরটেক এলাকার ১২ নম্বর সড়কে সন্ত্রাসীরা ঢাকা মহানগর ছাত্রলীগের ৪৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক অহিদুজ্জামানকে গুলি করে হত্যা করে। গত মঙ্গলবার এই ঘটনায় আটক ওয়াহেদ গাজী ও বাবুকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যায় জড়িত থাকার অভিযোগে ওইদিন রাতে বাবু নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার মূখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে তাদের তিনদিনের রিমাণ্ডে নেওয়া হয়। গত বৃহস্পতিবার হত্যায় জড়িত সন্দেহে হাসান নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাকেও আদালতে পাঠিয়ে রিমাণ্ডে আনা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত ছাত্রলীগ নেতার মা মানিকজান বাদি হয়ে অজ্ঞাত লোকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, রিমাণ্ডে চার আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে যে গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও দলীয় কোন্দলের জের ধরে অহিদুজ্জামান খুন হয়েছেন। তদন্তকারী সূত্র জানায়, এর আগে গার্মেন্টসের ঝুটের ব্যবসা নিয়ন্ত্রন করতো মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী নবী সোলায়মানের সহযোগী তাজু। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অহিদুজ্জামান এ ব্যবসার নিয়ন্ত্রণ নেন। ঝুটের ব্যবসা থেকে সরে দাঁড়াতে হওয়ায় তাজু কিছুদিন ধরে অহিদুজ্জামানেক হত্যার হুমকি দিচ্ছিল।নিহতের বোন যুব মহিলা লীগের নেত্রী সৈয়দা রোজি জয়িতা প্রথম আলোকে বলেন, কারা কেন তার ভাইকে খুন করেছে এ ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি। তার ভাই ছিলেন চাপা স্বভাবের। কোনো কিছু হলেও সহজে কাউকেই তিনি কিছু জানাতেন না। তবে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছাত্রলীগের কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিলনা।