রাজধানীতে ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তুহিন খানকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় তুহিন খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তুহিন খানের বিরুদ্ধে সোমবার সকালে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে তাঁকে (তুহিন খান) অব্যাহতি দেওয়া হয়। দলের ভাবমূর্তি রক্ষায় প্রশাসনিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুহিন খান ২০১৪ সাল থেকে জেলা ছাত্রলীগের অনুমোদন নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। গত সোমবার ঢাকার পল্লবী এলাকা থেকে একটি ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে তুহিনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।