ছাত্রলীগ নেতা দিপঙ্করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিপঙ্কর রায়ের ওপর হামলার প্রতিবাদে দেবীগঞ্জবাসীর ব্যানারে গতকাল রোববার দুপুরে শহরের বিজয় চত্বরে মানববন্ধন হয়েছে।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী, দিপঙ্করের বাবা মন্মথনাথ রায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দিপঙ্কর রায়ের মাথায় দুজন দুর্বৃত্ত প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত দিপঙ্করকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।