ছাত্রলীগ নেতা নিখোঁজ, তদন্ত এগোচ্ছে না

মধ্য বয়সী ছানাউল হক হাত-পা নেড়ে কিছু বলতে চাইছেন, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। চোখ দিয়ে পানি গড়াচ্ছে। পকেটে থাকা ছোট একটা খাতার পাতায় লিখে দিলেন ‘আমার ছেলেটা খুব ভালো’। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসে এভাবেই মনের ভাবটুকু প্রকাশ করতে চাইছিলেন ছানাউল।
ছানাউল হকের ছেলে রফিকুল ইসলাম ওরফে সোহেল (২৫) গত ১৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। রফিকুল সবুজবাগ থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে স্বজনেরা জানান। তাঁদের অভিযোগ, থানায় মামলা হয়েছে, কিন্তু পুলিশ কোনো তৎপরতা চালায়নি। মামলা গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তরিত হয়েছে বলে আশায় বুক বেঁধেছেন স্বজনেরা, কিন্তু কিছুই হয়নি। শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছেন গণমাধ্যমের।
সংবাদ সম্মেলনে কথা বলেন নিখোঁজ রফিকুলের মা শাহানারা বেগম, ছোট ভাই সফিকুল ইসলাম ও মামা নুরুল ইসলাম। সেখানে তাঁদের আরও কিছু স্বজন উপস্থিত ছিলেন। রফিকুলের বাবা ছানাউল বারবার কিছু বলতে চাইছিলেন। সৌদি আরবে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করার সময় আগুনে পুড়ে তাঁর বাকশক্তি নষ্ট হয়ে গেছে। হাতসহ শরীরের বিভিন্ন অংশও পুড়েছিল মারাত্মকভাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৩ ফেব্রুয়ারি বন্ধু রাসেলের স্ত্রী মৌ বেগমকে খুঁজতে রফিকুলসহ তিনজন নারায়ণগঞ্জে গিয়েছিলেন। এরপর অন্যরা ফিরলেও রফিকুল ফেরেননি। ঘটনার পরদিন ১৪ ফেব্রুয়ারি সবুজবাগ থানায় জিডি করেন তাঁরা। এরপর খুঁজে না পেয়ে ২১ ফেব্রুয়ারি তাঁরা সবুজবাগ থানায় রাসেল, তাঁর স্ত্রীসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা করেন। কিন্তু পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি বা কোনো তৎপরতা চালায়নি। এরপর চেষ্টা করে ৮ মার্চ মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তর করান তাঁরা। কিন্তু তবুও গতি পায়নি তদন্ত।
এ বিষয়ে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ওই পাঁচ আসামি প্রথমে হাইকোর্ট থেকে জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষে তাঁরা নিম্ন আদালত থেকেও জামিন নিয়েছেন। এ কারণে তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে পরিবার অভিযোগ করছে। তবে পুলিশ সাধ্যমতো তৎপরতা চালিয়েছে।
বর্তমান তদন্তকারী ডিবির পরিদর্শক মাহাবুবর রহমান বলেন, মামলার তদন্তভার পাওয়ার পর প্রযুক্তিগতভাবে তদন্ত এগিয়েছে। এ ছাড়া এজাহারে নাম উল্লেখ করা পাঁচ আসামির জামিন বাতিল করে রিমান্ডে নেওয়ার জন্যও আদালতে আবেদন করা হয়েছে।