চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। পটুয়াখালীতে জ্বালিয়ে দেওয়া হয়েছে এক সংখ্যালঘুর দোকান। ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হন। ছয়টি বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়। ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষে আহত হন ১০ জন।
গত রোববার চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামে গতকাল সোমবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মাহবুব আলমকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
এদিকে মাহবুব আলমের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহনূর মিয়া সন্ধ্যায় জানান, মৃত্যুর ওই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার এই উপজেলায় ভোট গ্রহণ চলাকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান নিহত হন। এ নিয়ে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় গজারিয়ায় দুজন নিহত হলেন।
সংখ্যালঘুর দোকানে আগুন: পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে সংখ্যালঘু ব্যবসায়ী নারায়ণ তালুকদারের দোকানে রোববার দিবাগত রাত তিনটার দিকে আগুন দেওয়া হয়। তিনি বলেন, তাঁর বাড়িতে নতুন ঘর তোলার কাজ চলছে বলে বাড়ির মালামালও দোকানে ছিল। আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে।
সকালে ঘটনাস্থলে গিয়ে ভস্মীভূত ওই দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণ অভিযোগ করেন, তিনি এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সিকদারের সমর্থক। রোববার ভোটের আগে শাহজাহানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা তাঁকে ভয়ভীতি দেখান। এ ঘটনার জন্য জামায়াত ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা দায়ী।
দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত উদ্দিন খান বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে সংঘর্ষে আহত ২০: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামে রোববার বিকেল চারটার দিকে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে এবং ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, গত ২৭ ফেব্রুয়ারি সালথা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ওহিদুজ্জামানের কাছে পরাজিত হন। নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে বিনোকদিয়া বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় স্থানীয় বিএনপির নেতা হাবিবুর রহমানের বাড়িসহ ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় রব মাতুব্বরের গমের পালায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, পুলিশ লাঠিপেটা করে এবং শটগানের চারটি গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদীতে আহত ১০: প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের রামচন্দ্রপুর-বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষে সেখানে থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা। ককটেলগুলোর বিস্ফোরণে আওয়ামী লীগের ১০ জন আহত হন। এরপর বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল হামলা ও গুলিবিনিময় হয়। এ সময় আওয়ামী লীগের সমর্থকেরা জামায়াতের এক কর্মীর বাড়িতে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। আগুনে পাঁচটি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। আওয়ামী লীগের কর্মীরা বহরপুরে একটি দোকানেও হামলা চালান।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, সহিংসতার ওই সব ঘটনায় গতকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: পটুয়াখালী ও ফরিদপুর অফিস এবং গজারিয়া (মুন্সিগঞ্জ) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]