নারায়ণগঞ্জের কাঁচপুরে সরকারি সেই পুকুরটি স্থানীয় লোকজন দখল করে নিচ্ছেন বলে এখন এমন অভিযোগ এনে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে মামলাটি করেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগের সুপারভাইজার সিরাজুল হক খান।
অথচ ঘটনাস্থলে গিয়ে মানুষজন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুকুরটি দখল করে নিচ্ছেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম খান। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক। এ ব্যাপারে ২৪ অক্টোবর প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
মূল দখলদারকে বাদ দিয়ে স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মূল দখলদার ছাত্রলীগ নেতা নূরে আলম খানকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা বলেছেন, সরকারি পুকুর দখলের বিষয়টি গণমাধ্যম ও প্রশাসনকে জানানোয় ক্ষোভে নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাত-আটজন স্থানীয় বাসিন্দা। পরে বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা নূরে আলম খান কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) পাঁচ বিঘা আয়তনের পুকুরটি বালু দিয়ে ভরাট করে দখল করেছেন। বিষয়টির প্রতিবাদ করে এলাকার যেসব ব্যক্তি গণমাধ্যম ও প্রশাসনকে অবহিত করেছেন, তাঁদের বিরুদ্ধেই মামলাটি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের একজন সাংসদের নির্দেশে ও নূরে আলম খানের সঙ্গে যোগসাজশ করে সওজের কর্মকর্তারা এ মামলা দেন।
সোনারগাঁ থানার পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে সরকারি পুকুর দখলের অভিযোগ এনে মামলাটি করেন সড়ক বিভাগের সিরাজুল হক খান। মামলার আসামিরা হলেন কাঁচপুরের দক্ষিণ সেনপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের দুই ছেলে সালাউদ্দিন মিয়া ও সাইফুল ইসলাম এবং একই গ্রামের রাসেল মিয়া।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোসনিয়া ফাতেমা প্রথম আলোকে বলেন, নিরীহ ব্যক্তিদের নামে মামলা হয়ে থাকলে এবং তাঁরা জড়িত না থাকলে পুলিশ মামলা থেকে তাঁদের নাম বাদ দিয়ে প্রকৃত দখলদারদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেবে।
মামলার বাদীর সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি লোক মারফত জানতে পেরেছি, আসামিরা পুকুর দখলের সঙ্গে জড়িত। তবে তদন্তে প্রমাণিত না হলে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হবে।’