ছাত্রলীগ নেতা পরিচয়ে চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেপ্তার
জাহাজের পুরোনো জ্বালানি তেল খালাসের সময় ছাত্রলীগ নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ নগরের সদরঘাট থানাধীন আনু মাঝিরঘাট এলাকায় এই অভিযান চালায়।পুলিশি অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ পরিচয়ধারী ওই নেতার নাম জাহাঙ্গীর আলম।তাঁর কাছ থেকে ছয়টি গুলিসহ একটি এলজি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তিনি সহযোগীদের নিয়ে গভীর রাতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেন।তিনি ওই এলাকায় এর আগেও ব্যাপক চাঁদাবাজি করেন বলে ব্যবসায়ীদের অভিযোগ।
আনু মাঝিঘাটের পুরোনো তেলের ব্যবসায়ী মেসার্স অনামিকা ইন্টারন্যাশনালের মালিক শেখ নওশাদ সারওয়ার প্রথম আলো ডটকমকে বলেন, জাহাঙ্গীরের নেতৃত্বে ইকবাল, সুমন ও দিদার আমার প্রতিষ্ঠানে হানা দেন।এ সময় ঘাটে জাহাজের পুরোনো তেলের খালাসপ্রক্রিয়া চলছিল।প্রতি নৌকা থেকে তেল খালাস বাবদ তাঁরা পাঁচ লাখ টাকা দাবি করেন।এ নিয়ে বাগবিতণ্ডা চলছিল।হঠাত্ করেই পুলিশ এসে জাহাঙ্গীর আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।মুহূর্তের মধ্যেই ইকবালসহ অন্যরা পালিয়ে যান।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোসতাক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বলেন, ‘অস্ত্র নিয়ে আনু মাঝিরঘাট এলাকায় কিছু যুবক অবস্থান করছিল বলে আমরা খবর পাই।গভীর রাতে দ্রুত অভিযান চালিয়ে আমরা জাহাঙ্গীর আলম নামের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করি।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।’