ছাত্রলীগ নেতা রাকিব হত্যায় পারিবারিক বিরোধ!
রাজধানীর বনানী এলাকায় ছাত্রলীগ নেতা রাকিব হাসান (২৮) হত্যা পূর্বশত্রুতার কারণে ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশের ভাষ্য, পারিবারিক কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে তাদের কাছে আপাতত মনে হচ্ছে।
রাকিব হত্যার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটিও পুলিশ খতিয়ে দেখছে।
বনানী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিব নিহত হন। একই ঘটনায় আহত হন নুর ইসলাম নামের একজন।
দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আহত রাকিব ও নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ১টার দিকে রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি বলে জানা গেছে।
বনানী থানা-পুলিশের পরিদর্শক (অপরেশন) সায়হান ওয়ালিউল্লাহ আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার কারণে রাকিব খুন হয়ে থাকতে পারেন। আপাতত মনে হচ্ছে, এটি পারিবারিক কোনো বিরোধ থেকে ঘটেছে।
সায়হান ওয়ালিউল্লাহ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ধরতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।