কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু হত্যা মামলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেলসহ তিন আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু ওই আদেশ দেন। এর আগে গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন আসামিদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ মে বেলা একটা ৩০ মিনিটে নগরের মুন্সেফবাড়ি এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের গুলি ও হামলায় ব্যবসায়ী আহসান হাবিব মারা যান।
এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বড় ভাই হাবিবুছ সায়েরীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গত শুক্রবার বিকেল তিনটায় রাজধানী ঢাকা থেকে আসামি সালেহ আহমেদ, সাইফুল ইসলাম ও সৈকতকে গ্রেপ্তার করে। এদের প্রত্যেকেরই ছয় দিন করে রিমান্ড মঞ্জুর হয়।
সংশোধনী: গত রোববার প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ‘তিন আসামির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ’ শীর্ষক প্রতিবেদনের দ্বিতীয় অনুচ্ছেদে বিচারকের নাম অম্লান কুসুম জিষ্ণু উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফিরোজ হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছিলেন।