ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণীকে অপহরণ ও ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওই তরুণী গত রোববার ওই নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।
এদিকে সংগঠনের নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণে জড়িত থাকার অভিযোগ ওঠায় গতকাল সোমবার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।
তরুণী এজাহারে উল্লেখ করেন, কেনাকাটার জন্য গত ২২ ফেব্রুয়ারি তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টার নামের বিপণিবিতানে যান। সেখান থেকে বেলা তিনটার দিকে ছাত্রলীগের ওই নেতাসহ অন্যদের সহযোগিতায় তাঁর তালাক দেওয়া স্বামী তাঁকে অপহরণ করেন। এরপর তাঁরা তাঁকে নেতার বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে নেতার সহায়তায় তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁকে শারীরিক নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়।
সাভার মডেল থানার এসআই শাহীন মোল্লা বলেন, গত রোববার ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।