ছাত্রলীগ নেতা শিবিরের চর!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামকে জামায়াতের চর দাবি করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওমর ফারুক ও তাঁর লোকজন মারধর করেছেন। গতকাল রোববার দুপুর একটায় আখাউড়া উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান করার বিষয়ে পরামর্শের জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা দুপুর একটার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনের কার্যালয়ে যান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হন মোগড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। আলোচনার একপর্যায়ে শরিফুল কথা বললে উপজেলা ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা খেপে যান। উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা শরিফুলকে জামায়াতের চর আখ্যা দিয়ে তাঁকে ও তাঁর বড় এবং ছোট এক ভাইকে মারধর করেন।পরে দুপুর দুইটার দিকে পুলিশের পাহারায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা শরিফুল ও তাঁর দুই ভাইকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার সময় পৌর শহরের টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েও মারধর করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, শরিফুল ইসলাম ছাত্রশিবিরের কর্মী, তাঁর বড় ভাই রফিকুল ইসলাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ছোট ভাই রমজানও শিবিরের কর্মী। এদের মধ্যে শরিফুল ছাত্রলীগে থেকে ছাত্রলীগের অভ্যন্তরে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছেন। তাই তাঁকে ধমক দেওয়া হয়েছে।মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি প্রায় ১০ বছর আগে ছাত্রশিবির করলেও সংগঠনটির কার্যক্রম তাঁর কাছে ভালো না লাগায় তাঁর পরিবারের লোকজনসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী হন। ছাত্রলীগ সভাপতি নির্বাচনের সময়ও তিনি ভোট দেন। তিনি দাবি করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতির অনেক অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাঁকে ও তাঁর দুই ভাইকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে।এই বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি ঠিক। শরিফুলের এক ভাইও শিবিরের নেতা বলে শুনেছি।’ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ শরিফুলকে নিরাপদ স্থানে যেতে সাহায্য করেছে।