ছাত্রলীগ নেতা সম্পর্কে কটূক্তি শিবিরকর্মী গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় গত বৃহস্পতিবার রাতে আবদুল ওয়াহিদ (২২) নামের ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওয়াহিদের বাড়ি উপজেলার ভাটেরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ আগস্ট সিলেটে নগরের সোবহানিঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসাইন এ ঘটনায় শিবিরকে দায়ী করে তাঁর ফেসবুকে একটি মন্তব্য করেন। এর জবাবে জাকির হোসাইনকে সাবেক শিবিরকর্মী এবং তাঁর পরিবারের সদস্যরা জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে ওয়াহিদ একটি মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের স্থানীয় কিছু নেতা-কর্মী বৃহস্পতিবার রাতে ওয়াহিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ওয়াহিদ শিবিরের সক্রিয় কর্মী বলে খোঁজ নিয়ে জানা গেছে। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ মুঠোফোনে বলেন, ‘জাকির ভাই ও তাঁর পরিবার সম্পর্কে ওয়াহিদ বাজে মন্তব্য করেছেন। তাই, তাঁকে (ওয়াজিদ) ধরে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করব।’