ছাত্রলীগ নেতা সাইফুল হত্যারবিচারদাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মো. সাইফুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সকালে নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।

সমাবেশ শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন মহানগর ছাত্রলীগের নেতারা। সমাবেশ চলাকালে নগরের কান্দিরপাড় এলাকার সব সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। এর আগে নগরের ২৭টি ওয়ার্ড থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

সকাল সাড়ে ১০টায় কান্দিরপাড় পূবালী চত্বরে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজিজ সিহানুরের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সেখানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি জিএস সহিদ, সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ, সাবেক কাউন্সিলর কাইয়ুম খান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি বোরহান মাহমুদ কামরুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাইফুল হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। মামলার ২২ আসামির মধ্যে ১৮ জন ধরাছোঁয়ার বাইরে। কুমিল্লা শহরে তাঁরা ঘোরাফেরা করলেও পুলিশ ধরছে না। উল্টো তাঁদের রাজনীতি করার সুযোগ দিচ্ছে। এতে করে সাইফুল হত্যার বিচার নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস দেখা দিয়েছে। অবিলম্বে মামলার আসামিদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন হবে।

গত বছরের ১১ এপ্রিল বিকেলে কান্দিরপাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করেন প্রতিপক্ষ কর্মীরা। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক আফজল খানের দুই ছেলেসহ ২২ জন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের
সাবেক সহসভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম।

মামলার তদন্তভার দেওয়া হয় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন চৌধুরীকে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) মামলাটি স্থানান্তর করা হয়। বর্তমানে তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে অন্তত ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।