ছাত্রলীগ নেতা হত্যা মামলায় সাবেক ওসির কারাদণ্ড
সুনামগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে হত্যার মামলায় তাহিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ আদেশ দেন।
সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেন বলেন, কলেজছাত্র ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় বরখাস্ত ওসি মো. শরিফ উদ্দিনের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামিরা খালাস পেয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের ওয়াহিদুজ্জামান শিপলুর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় জয়নাল আবদিন মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ২৩ মার্চ ওয়াহিদুজ্জামানের মা আমিরুন্নেসা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এরপর মামলাটির বিচারিক তদন্ত হয়েছে। মামলার দীর্ঘ শুনানি শেষে গত রোববার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।