ছাত্রলীগ নেতা হত্যায় আ.লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ার সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রহমান ওরফে বাবু (২৫) হত্যার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী ওরফে সুমনসহ ১১ জনের নামে মামলা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পর নিহত ব্যক্তির বাবা নুরুল ইসলাম বেপারি বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলাটি করেন।গত বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ছাত্রলীগ নেতা বিজয় রহমান সারিয়াকান্দি বাজারে ঘোরাফেরা করার সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে ধাওয়া করে। দৌড়ে লাইব্রেরি মাঠের কাছে পৌঁছালে বিজয়কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটায় বিজয় চিকিৎসাধীন মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। গত বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বিজয়ের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর সারিয়াকান্দি ডিগ্রি কলেজের মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় কোন্দল, ব্যক্তিগত আক্রোশ ও টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা জানান, স্থানীয় রেজিস্ট্রি কার্যালয় থেকে তোলা মাসিক চাঁদা ও উপজেলার কালিতলা গ্রোয়েনে সিসি ব্লক নির্মাণের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীর পক্ষের ছাত্রলীগের একাংশ বিরোধে জড়িয়ে পড়ে।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে নুরুল ইসলাম বেপারি ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। মামলায় আলমগীর শাহীকে প্রধান আসামি করা হয়েছে। অন্যরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।