একই মোটরসাইকেল থেকে একই সময়ে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত যুবককে অব্যাহতি দিয়ে অপরজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অভিযোগ উঠেছে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে।
এদিকে অভিযোগপত্রে আসামি করা যুবক রুহুল আমিনের (২৮) বাবা গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাঁর ছেলে নির্দোষ বলে দাবি করেছেন। তদন্তকারী কর্মকর্তাকে ঘুষ না দেওয়ায় তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গতকাল দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন কালাইয়ের জিন্দারপুর গ্রামের রুহুল আমিনের বাবা আকবর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, রুহুলকে অব্যাহতি দিতে তদন্ত কর্মকর্তা চার লাখ টাকা দাবি করেন। তিনি তা দিতে না পারায় তাঁর ছেলেকে মামলার আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ক্ষেতলালের কুসুমশহর গ্রামের শাহ্জাহান আলীর ছেলে হুমায়ন কবীর (২১) ও অপর যুবক রুহুল আমিন গত ৫ জনু মোটরসাইকেলে করে পাঁচবিবি থেকে বাড়ি ফেরার পথে পাঁচবিবি থানার পুলিশ তাঁদের থামিয়ে দুজনের দেহ তল্লাশি করে। এ সময় রুহুলের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি এবং হুমায়নের কাছ থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক মোসাদ্দেক হোসেন দুজনের বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম ৩৪ দিন পর হুমায়নকে অব্যাহতি দিয়ে শুধু রুহুলের বিরুদ্ধে গত ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। হুমায়ন গত ৮ আগস্ট জামিনে মুক্তি পান।
জেলা আইনজীবী সমিতির মোস্তাফিজুর রহমান জানান, মামলায় এজাহারে সুস্পষ্টভাবে হুমায়নের কাছ থেকে তিনটি গুলিভর্তি ম্যাগাজিন জব্দ করার কথা উল্লেখ রয়েছে। তার পরও ওই যুবককে অব্যাহতি দেওয়া আইনের পরিপন্থী।
এজাহারকারী উপপরিদর্শক মোসাদ্দেক জানান, তিনি দুই যুবকের কাছ থেকেই পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী জানান, হুমায়ন ক্ষেতলাল পৌর শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে তাঁর জন্য দলের পক্ষ থেকে কোনো তদবির করা হয়নি।
এ বিষয়ে পাঁচবিবি থানা থেকে বদলি হয়ে ক্ষেতলাল থানায় কর্মরত এই মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়নি।