ছাত্রলীগ নেতাকে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাহিদুর রহমান (২২) নামের ছাত্রলীগের এক নেতাকে  আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তাঁর পক্ষের লোকজন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এ অবরোধ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচলে বাধা দেওয়ার জন্য কয়েক দিন ধরে জেলা পুলিশ ও সড়ক (হাইওয়ে) পুলিশ অভিযান চালিয়ে আসছিল। আজ সকাল থেকে উপজেলার শাহবাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশ মহাসড়ক থেকে বেশ কয়েকটি অটোরিকশা আটক করে। বেলা আড়াইটার দিকে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহবাজপুর গ্রামের বাসিন্দা নাহিদুর রহমান সেখান থেকে একটি অটোরিকশা ছাড়িয়ে আনতে তদবিরে যান। এ নিয়ে সেখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক করে সরাইল থানায় নিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত হয়ে তাঁর লোকজন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ আলম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ও সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুর নূর ঘটনাস্থলে পৌঁছে নাহিদুর রহমানকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক অবরোধমুক্ত হয়।

সন্ধ্যায় সরাইল থানায় আটক নাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো দোষ করেনি। আমি একটি অটোরিকশা ছাড়ানোর জন্য ফাঁড়িতে গেলে তারা (পুলিশ) আমাকে বেদম মারধর করেছে। ’

কার ইশারায় মহাসড়ক অবরোধ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমি জানি না।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়ক অবরোধমুক্ত করা হয়েছে। ছাত্রলীগের আটক নেতাকে ছাড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।