ছাত্রলীগ নেতাকে আসামি করায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের কলেজছাত্র সাইফুল ইসলামকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় গত শনিবার মামলা হয়েছে। ওই মামলায় এক ছাত্রলীগ নেতাকে আসামি করায় গতকাল রোববার তাঁর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ওই মামলায় সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিন্নাহ মণ্ডলকে আসামি করা হয়েছে—এমন খবরে গতকাল সকাল থেকেই স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা জালালপুর বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা মামলা থেকে জিন্নাহ মণ্ডলের নাম বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরিয়ে নেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, সাইফুলকে হত্যার ঘটনায় তাঁর চাচা ইউনুস আলী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আটক আবুল কালামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও জানান, কেউ আবদার করলেই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া যায় না। তবে মামলার তদন্ত শুরু করা হয়েছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা তদন্তেই বেরিয়ে আসবে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুলকে পিটিয়ে হত্যা করা হয়।