নিজ কক্ষে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী। ছবি : শহীদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী। ছবি : শহীদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের নিজ কক্ষে গুলিতে ছাত্রলীগের নেতা রুস্তম আলী আকন্দ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ২৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তবে অভিযোগ অস্বীকার করেছে শিবির।

রুস্তম গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার চকনারায়ণ গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন তিনি।

এদিকে এ ঘটনায় জড়িত ও অতীতে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ।

সোহরাওয়ার্দী হলের আবাসিক কয়েকজন শিক্ষার্থী জানান, আজ বেলা একটা ২০ মিনিটে হলের ২৩০ নম্বর কক্ষ থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় আশেপাশের কক্ষের শিক্ষার্থীরা ২৩০ নম্বর কক্ষে গিয়ে দেখতে পান রুস্তম মেঝেতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। এ সময় শিক্ষার্থীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক দেবাশিস বিশ্বাস জানান, রুস্তমের বুকের ডান স্তনের নিচে গুলিটি লাগে। এটি পিঠ দিয়ে বের হয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর ২৩০ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া আছে। জানালা দিয়ে দেখা যায়, কক্ষের ভেতর দুুটি চৌকি পাতা আছে। মেঝেতে একটি তোশক বিছানো। একটি চৌকির পায়ার কাছে রক্ত পড়ে জমাট বেঁধে গেছে। কক্ষের সামনের বারান্দায় টেবিলে ভেজা লুঙ্গি ও গামছা পড়ে আছে।
শিক্ষার্থীরা জানান, গোসলের পর রুস্তম ওগুলো সেখানে রেখেছিলেন।
ওই হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল গালিব জানান, ‘২৩০ নম্বর কক্ষে রুস্তম একাই থাকতেন। মোবাইলে টাকা লোড দেওয়ার জন্য তিনি হলের ছোট ভাই সেলিমকে দোকানে পাঠিয়েছিলেন। সেলিম টাকা লোড দিয়ে এসে দেখতে পান রুস্তম মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। তারপর সে আমাকে এসে বললে আমরা সবাই মিলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
হলের ২২৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাসেল খান বলেন, ‘আমি কক্ষের মধ্যে মোবাইল ফোনে কথা বলছিলাম। হঠাত্ গুলির শব্দ পাওয়া যায়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।’
রাসেল বলেন, ‘রুস্তম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছিল। আগামীকাল শনিবার তার ৪০৪ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। এ জন্য সে আজ ভোরে উঠে পড়াশোনা করে। সকালে তার সঙ্গে আমার কথা হয়। সে জানিয়েছিল, রাজনীতি করার কারণে সে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না। তাই ভোরে উঠে পড়তে বসেছে। কয়েক দিন আগে রুস্তম জানিয়েছিল, শিবিরের সঙ্গে তার কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল।’
এদিকে ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, ১০ এপ্রিল সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সম্মেলন হওয়ার তারিখ নির্ধারিত আছে। রুস্তম আলী সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে হলে ছাত্রলীগের কয়েকজনের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। ছাত্রলীগের ওই পক্ষটি শিবিরের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে বলে দাবি করেছে সূত্রটি।
ঘটনার পর ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ, রুস্তমের খুনিদের বিচার, ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঘটনার পর বিকেলে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন। তাঁরা বলেন, কয়েকদিন থেকে ছাত্রশিবিরের পক্ষ থেকে মুঠোফোনে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। তারা আরও জানান, ১০ এপ্রিল হলের কাউন্সিল হওয়ার কথা ছিল। কাউন্সিলের রুস্তম সভাপতি প্রার্থী ছিলেন। কাউন্সিল হলে ওই হলে ছাত্রলীগ আরও শক্তিশালী হবে, এ জন্য শিবির তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে। ওই হলে ছাত্রলীগের ভেতরে কোনো কোন্দল নেই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক জিয়াউদ্দিন বাবলু প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের অন্তর্কোন্দলের কারণেই রুস্তম খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে শিবিরের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। কে বা কারা করেছে, বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হবে।’ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ঘটনার কোনো ক্লু উদ্ধার করা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।