ছাত্রলীগ নেতাকে গুলি, প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের কর্মী সুব্রত বড়ুয়াকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ ও যুবলীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।সন্ধ্যা সাতটায় চৌমুহনী শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা মসজিদ মার্কেট ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে ছাত্রলীগের সহসভাপতি সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রতন দাশ, উপজেলা ছাত্রলীগের নিপন দে, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ত্রিদীপ দাশ, যুবলীগের সভাপতি মো. শাহরিয়ার হোসেন, শ্রমিক লীগের সভাপতি মো. রফিক আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জমির উদ্দিন। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ মে রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী মার্কেট থেকে বাড়িতে ফিরছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পৌঁছলে সুব্রতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণে রক্ষা পান। পরে দৌড়ে গিয়ে পাশে ঢালু জায়গায় পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তি করান। এ ঘটনার জন্য ছাত্রলীগ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদকে দায়ী করেছে। বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবদুল কাইয়ুম বলেন, ‘ঘটনার জন্য বাঙালি ছাত্র পরিষদ দায়ী নয়।’

বাঘাইছড়ি থানার উপপরিদর্শক মো. আবদুল রাজ্জাক বলেন, ছাত্রলীগের কর্মীর ওপর হামলার সন্দেহভাজন হিসেবে মো. মুজির নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়রসহ তিনজন আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বাঘাইছড়ির পৌর মেয়র মো. আলমগীর কবির ঘটনা অস্বীকার করে বলেন, ‘এটা সাজানো নাটক। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।