জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আরজ মিয়াকে অবিলম্বে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার উপাচার্য মীজানুর রহমানকে স্মারকলিপি দেবেন তাঁরা।
আরজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে ক্যাম্পাসে পরিচিত৷ তবে গতকাল বিকেলে সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম দাবি করেছেন, ‘আরজ ছাত্রলীগের সঙ্গে জড়িত নন৷’
বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে শিক্ষার্থীদের সমাবেশে বক্তারা বলেন, লোকপ্রশাসন বিভাগের এই শিক্ষিকাকে লাঞ্ছিত করার চার দিন পরও আরজকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাঁকে বহিষ্কারের কোনো পদক্ষেপও নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই অবিলম্বে আরজকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সমাবেশে গণিত বিভাগের ছাত্র প্রসেনজিৎ সরকারের পরিচালনায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুইটি আক্তার, সিহাম ও মো. ইউসুফ বক্তব্য দেন।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে ওই শিক্ষিকার সঙ্গে ছাত্রলীগের সহ-সম্পাদক আরজের ধাক্কা লাগে। এতে শিক্ষিকা ও আরজের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এই শিক্ষিকাকে লাঞ্ছিত করেন আরজ। এ ঘটনায় ওই দিনই আরজকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। পরে কোতোয়ালি থানায় মামলা করেছেন এই শিক্ষিকা।
আরজকে গ্রেপ্তারের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আরজকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আশা করি দু-এক দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করতে পারব।’