ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ সড়ক অবরোধ
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ করে ছাত্রলীগ। গত বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রাজগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন ওরফে ভুট্টোসহ (২৪) চারজনকে গ্রেপ্তার করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখর উদ্দিন ভূঁইয়া জানান, উপজেলার রাজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ছাত্রলীগের নেতা ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা হচ্ছেন রহুল আমীন (৩২), নজরুল ইসলাম (৪৮) ও সিরাজুল ইসলাম (৫০)। বিএনপির নেতা আজিজুর ২২ জুলাই রাতে খুন হন।
এদিকে নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সন্ধ্যায় আকস্মিকভাবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ করেন।
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মুঠোফোনে জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ পাঠানো হয়েছে।