ছাত্রলীগ নেতাকে চড় মারায় হাজার টাকা জরিমানা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামকে চড় মারায় ওই সংগঠনের এক কর্মীকে এক হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কর্মীর নাম সাইফুল ইসলাম। তিনি শরিফুল ইসলামেরই সমর্থক ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরিফুল ইসলামকে চড় মারায় গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩৪তম সভায় সাইফুলকে এক হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত উপস্থাপন করা হবে৷
সালাম না দেওয়ায় গত ৩১ জানুয়ারি সাইফুল ইসলামকে চড় মারেন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। জবাবে সাইফুল পাল্টা চড় মারেন শরিফুলকে৷ এ সময় শরিফুলের সঙ্গে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় পরে সাইফুলকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইফুল ইসলাম বলেন, ‘আমাকে যে পিটিয়ে গুরুতর আহত করল শরিফুল, তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।’