ছাত্রলীগ নেতাকে চেনেন নি তাই...
ছাত্রলীগ নেতাকে চেনেন না, এটাই অপরাধ(!)। আর এ অপরাধেই পিটিয়ে আহত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র পিনাক পানি ভট্টাচার্যকে। যাঁকে চিনতে পারেননি, তিনি হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আজগর আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পিনাকসহ তিন-চারজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা আজগর আলী সেখানে উপস্থিত হয়ে তাঁদের পরিচয় জানতে চান। তবে পিনাক চিনতে না পারায় উল্টো ছাত্রলীগের ওই নেতার পরিচয় জিজ্ঞেস করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজগর আলীসহ ছাত্রলীগের চার-পাঁচজন পিনাককে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহত পিনাককে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকি ৎ সাকেন্দ্রে প্রাথমিক চিকি ৎ সা দেওয়া হয়। পরে তাঁকে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।আহত পিনাক বলেন, ‘আমি আজগর আলীকে চিনতে পারিনি। এ কারণে তিনি সবার সামনে আমাকে মারধর করেছেন।’ তবে মারধরের বিষয়টি সত্য নয় দাবি করে ছাত্রলীগের নেতা আজগর আলী জানান, বেয়াদবি করায় তাঁকে শাসন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরজু মিয়া বলেন, বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।