ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাহিদুর রহমান (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের সাড়ে আট ঘণ্টা পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ৷ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখায় পুলিশ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়৷ গত সোমবার এ ঘটনা ঘটে৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জেলা ও হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল বন্ধ করার জন্য কয়েক দিন ধরে অভিযান চালাচ্ছে৷ সোমবার সকালে সরাইল উপজেলার শাহবাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশ মহাসড়ক থেকে বেশ কয়েকটি অটোরিকশা আটক করে৷
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাহিদুর রহমান পুলিশ ফাঁড়ি থেকে অভিযানের সময় আটক করা একটি অটোরিকশা ছাড়িয়ে আনতে যান৷ এ নিয়ে সেখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ নাহিদুরকে আটক করে সরাইল থানায় পাঠিয়ে দেয়৷ এ ঘটনায় উত্তেজিত হয়ে তাঁর লোকজন প্রথমে পুলিশ ফাঁড়ি অবরোধের চেষ্টা করে৷ পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদুরের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় অবরোধ করে৷ আন্দোলনের মুখে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বকাউল ঘটনাস্থলে পৌঁছে নাহিদুরকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে রাত সাতটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়৷ রাত ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
সোমবার সন্ধ্যায় সরাইল থানায় আটক থাকা অবস্থায় নাহিদুর রহমান বলেন, ‘আমি একটি অটোরিকশা ছাড়ানোর জন্য ফাঁড়িতে গেলে তারা (পুলিশ) আমাকে বেদম মারধর করে আটক করে ফেলে৷’
আন্দোলনের মুখে নাহিদুর রহমানকে ছেড়ে দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷