ছাত্রলীগ নেতাকে নির্যাতনে মামলা, ছয় পুলিশ আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতাকে হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে একজন পুলিশ পরিদর্শকসহ ছয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আজ বুধবার বিকেলে মামলাটি করেন নির্যাতনের শিকার ইয়াছিন আওয়াজ রওনক ভুঁইয়া রওনকের বড় ভাই মো. ইয়াছিন সাখাওয়াত ভুঁইয়া। নির্যাতন ও হেফাজত মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি করা হয়।

মামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া, নায়েক মো. আমির ও হামিদুর রহমান, কনস্টেবল মাহমুদুর রহমান ও ফিরোজ মিয়াকে আসামি করা হয়েছে।

আহত ইয়াছিন আওয়াজ রওনক ভূঁইয়া নগরের এমইস কলেজ থেকে এবার স্নাতক পরীক্ষা দিয়েছেন। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের সহসম্পাদক। রওনক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে তিন সদসে৵র তদন্ত কমিটি গঠন করে কলেজছাত্র ইয়াছিন আওয়াজ রওনক ভুঁইয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন দিতে বলেছেন। প্রতিবেদনটি নগর পুলিশ কমিশনারকেও দেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০ জানুয়ারি রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কয়েকজন যুবকের সঙ্গে সাদাপোশাকে থাকা পুলিশ ফাঁড়ির এক সদসে৵র সঙ্গে কথা-কাটাকাটি হয়। যুবকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ওই সময় জরুরি বিভাগের সামনের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন রওনক। হাসপাতাল গেটের পাশে তাঁর বাসা। এ সময় রওনককে সাদাপোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্য ধরে নির্যাতন করতে থাকেন। পরে তাঁকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে পুলিশ পরিদর্শক জহিরুল তাঁকে মাটিতে ফেলে জুতা দিয়ে আঘাত করে। কনস্টেবল মাহমুদুর অস্ত্রের বাঁট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে রওনক মাথায় হাত দিয়ে রক্ষা পান। এতে তাঁর বাঁ হাতের হাড় ভেঙে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা মিলে তাঁর হাতের নখ তোলার চেষ্টা করেন।

ছাত্রলীগ নেতাকে আটকে রেখে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে আজ সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনার দিন তিনি হাসপাতালে ছিলেন না। অথচ তাঁকে মামলায় আসামি করা হয়েছে। স্থানীয় কিছু যুবকের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়। তাঁরা পুলিশ সদস্যদের ইটপাটকেল ছুড়ে মারেন। তাঁদের সঙ্গে ছিলেন রওনকও। পালানোর সময় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে ২ নম্বর আসামি করা হয়েছে। পুলিশ সদস্যরা তাঁর ওপর নির্যাতন চালাননি।