ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলামকে (২৭) পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি চৌগাছা উপজেলার বন্দুলীতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় আমিরুল ইসলাম বন্দুলীতলা বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা কালাচাঁদের সঙ্গে আমিরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরও কয়েকজন এসে কালাচাঁদের পক্ষ নিয়ে আমিরুলের ওপর চড়াও হয় এবং চায়ের দোকানের পাশে রাখা জ্বালানি কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, শত্রুতার জের ধরে আমিরুলকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, আমিরুলের হত্যাকারীদের আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার থেকে চৌগাছা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় ছাত্রলীগ।