ছাত্রলীগ নেতাকে বহিষ্কার ও শিক্ষককে অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষিকাকে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকে বহিষ্কার ও গ্রেপ্তার এবং ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হিসাববিজ্ঞান বিভাগের একজন শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ওই শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ছাত্রলীগের নেতা আরজ মিয়াকে আটক করেছিল পুলিশ। কিন্তু তাঁকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ ছাড়া নিজ ছাত্রীকে যৌন হয়রানি করায় হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অবিলম্বে আরজকে বহিষ্কার ও গ্রেপ্তার এবং ছাত্রীকে যৌন হয়রানি করায় ওই শিক্ষককে প্রত্যাহার করতে হবে।
বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার প্রতিবাদ হলেও তোয়াক্কা করছে না বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। ফলে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের পৃষ্ঠপোষকতাও পাচ্ছে। তাই দেশের সব গণতান্ত্রিক প্রগতিমনা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা নগর শাখার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাছলিমা নাজনিনের পরিচালনায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, নগর শাখার দপ্তর সম্পাদক ইভা মজুমদার, সদস্য মনি সরকার, তিথি চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
আরজকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন সিরাজুল ইসলাম। তিনি গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আরজ ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়। তাই তাকে ছাড়িয়ে আনার প্রশ্নই আসে না। আমি শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় আরজের বিচার চাই।’
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে ওই শিক্ষিকার সঙ্গে আরজের ধাক্কা লাগে। এ নিয়ে শিক্ষিকা ও আরজের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষিকাকে লাঞ্ছিত করেন আরজ। এ ঘটনায় আরজকে ওই দিনই সাময়িক বহিষ্কার করে প্রশাসন। এ ছাড়া গত ২৩ এপ্রিল হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ করেন এই বিভাগেরই এক ছাত্রী। এ ঘটনায় গত রোববার শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণের দাবিতে ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ’ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ হয়।