ছাত্রলীগ নেতাকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে লাঞ্ছিত করায় অবিলম্বে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার ও গ্রেপ্তার, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একজন শিক্ষককে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, দেশে নারীরা কতটা অনিরাপদ, তা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা লাঞ্ছিত ও ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাই প্রমাণ করে। অবিলম্বে শিক্ষিকা লাঞ্ছনাকারী ছাত্রলীগ নেতা আরজকে বহিষ্কার ও গ্রেপ্তার এবং ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে প্রত্যাহারসহ ক্যাম্পাসে নারীর নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।