ছাত্রলীগ নেতাকে বাদ দিয়ে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানকে বাদ দিয়েই মামলা করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম কিবরিয়া অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন।
এর আগে বুধবার জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন সাংবাদিকদের জানান, মাদকসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান ও তাঁর কয়েক সহযোগীকে আটক করলে ছাত্রলীগের ক্যাডাররা ডিবি পুলিশের সদস্যদের মারধর করে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনায় হাসিবকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অথচ মামলায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে মাদক ব্যবসায়ীদের ধরতে রূপগঞ্জের রূপসী বাগবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি বস্তায় করে মাদক নিয়ে যাচ্ছিলেন। পরে টের পেয়ে ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। একপর্যায়ে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন লোক এসে পুলিশের কাজে বাধা দিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের ছয় সদস্য আহত হন।
মামলার বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, ডিবি পুলিশ মামলা করেছে। কিন্তু গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে ডকইয়ার্ড ব্যবসায়ী আবদুল কাদিরের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৭০ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে। হামলায় আহত হয়েছে শিশুসহ চারজন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।