ছাত্রলীগ নেতাকে ভর্তি না করায় কলেজে তালা
কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষককে মারধরকারী ছাত্রলীগের সভাপতিকে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি করাতে অস্বীকৃতি জানালে গতকাল রোববার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগের সভাপতি তাসাদ্দুক হোসেন গতকাল সকাল ১০টার দিকে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে কলেজে আসেন। শিক্ষককে মারধর করার অপরাধে তাঁকে ভর্তি করতে অস্বীকৃতি জানায় প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে তাসাদ্দুক দলবল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং শিক্ষার্থীদের ভর্তি ফরম সংগ্রহ ও জমাদানে বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকেরা। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ সাহিদা খাতুন শিক্ষকদের নিয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে বসেন। বেলা সাড়ে তিনটার দিকে বৈঠক শেষে জানানো হয়, কলেজ থেকে তাসাদ্দুকের রাজনীতি নিষিদ্ধ করা হলো। তবে তিনি ভর্তি হতে পারবেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, তাসাদ্দুক লিখিতভাবে ক্ষমা চেয়ে শিক্ষকদের সব শর্ত মেনে নেওয়ায় কলেজে ভর্তি সমস্যার সমাধান হয়েছে।