ছাত্রলীগ নেতাকে লক্ষ্য করে গুলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে গত রোববার সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে ছাত্রলীগ।
ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খানের সভাপতিত্বে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এতে জানানো হয়, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাইফুল ইসলাম একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। এ সময় হেলমেট পরা তিন যুবক জব্বার মোড়ে মোটরসাইকেলে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। কিন্তু সেগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ছাত্রলীগ নেতা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ছাত্রলীগের সভাপতি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রনেতাদের হত্যার চেষ্টা করছে ছাত্রদল ও শিবির। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বলেন, জনবল সংকটে ক্যাম্পাসে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তবে এ ঘটনার পর ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানান তিনি।