ছাত্রলীগ নেতাকে শিক্ষক বানাতে যোগ্যতা শিথিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১২ সালের ২ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি অনুসারে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার উভয়টিতে ন্যূনতম জিপিএ-৩.০ পয়েন্ট এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। কিন্তু এমন একজন শিক্ষার্থী উক্ত পদে আবেদন করেছেন, যিনি এইচএসসিতে পেয়েছেন ২.৯। তিনি হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রন্টু দাশ। বিভাগের প্ল্যানিং কমিটি এর প্রতিবাদ করলেও বিভাগের প্রভাবশালী এক শিক্ষকের চাপে আবেদনপত্রটি গৃহীত হয়। আর এরই মধ্যে শিথিল করা হয় শিক্ষক নিয়োগের যোগ্যতাও।
এদিকে, কাল পয়লা এপ্রিল ইতিহাস বিভাগের নির্বাচনী বোর্ডের তৃতীয় দফা সভায় রন্টু দাশের নিয়োগ চূড়ান্ত করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ২৪ মার্চ ইতিহাস বিভাগের প্ল্যানিং কমিটির একটি সভা হয়। সভায় কমিটির সদস্যরা সিদ্ধান্তে পৌঁছান যে কাল মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনী সভা আহ্বান যথাযথ হয়নি। কারণ, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেক প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হন বিবেচেনা করে ওই বছরের ১৫ মার্চ সিন্ডিকেটে একটি বৈঠক করা হয়। বৈঠকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিল করার ঘোষণা-সংবলিত কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি, যা যথাযথ হয়নি। এর ফলে বিগত কয়েক বছরের এমএ পরীক্ষায় উত্তীর্ণ অনেক মেধাবী শিক্ষার্থী প্রভাষক পদে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
আট সদস্যের প্ল্যানিং কমিটির এই সিদ্ধান্তের সঙ্গে মাত্র একজন শিক্ষক দ্বিমত পোষণ করেন। তিনি হলেন কলা ও মানবিক বিদ্যা অনুষদের বর্তমান ডিন জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ইমরান হোসেন। তিনি সিন্ডিকেট ও সিনেট সদস্যও।
অভিযোগ রয়েছে, রন্টু দাশকে নিয়োগ দেওয়ার জন্যই বিভাগের ইতিহাস বিভাগসহ কলা অনুষদের কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল করা হয়। শিথিল করা সিদ্ধান্ত অনুসারে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩.০ অথবা উক্ত দুটি পরীক্ষায় মোট জিপিএ নূন্যতম ৭.০ থাকতে হবে। এই সিদ্ধান্তের বিষয়টি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি।
কেন আর বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি, সে সম্পর্কে জানতে চাইলে প্রশাসনের কর্মকর্তারা কিছু জানাতে চাননি।
এদিকে, রন্টু দাশের নিয়োগ চূড়ান্ত করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইতিহাস বিভাগের একজন শিক্ষক বলেন, ‘শুনেছি রন্টুকে নেওয়া হবে। সেটা ভালো হবে না।’ একই রকম কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রার্থীও।
জানতে চাইলে অধ্যাপক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মানবিক দিক বিবেচনা করে রন্টু দাশের আবেদনপত্রটি গ্রহণ করার কথা বলেছি। আমি জানতাম না, সে ছাত্রলীগের নেতা।’ তিনি বলেন, ‘রন্টু দাশ নিয়োগ পাচ্ছে কি না, তা আগেভাগে কীভাবে বলব? যেহেতু তার বিষয়টি এভাবে সামনে চলে এসেছে, কাজেই তার নিয়োগ তো না-ও হতে পারে। আগেভাগে কিছু বলা ঠিক না।’
ইতিহাস বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা চাই বিভাগে দল-মতনির্বিশেষে মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হোক। নিয়মমতো না হওয়ায় প্ল্যানিং কমিটি নতুনভাবে বিজ্ঞাপন দিয়ে নির্বাচনী সভা করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কাল পয়লা এপ্রিল ইতিহাস বিভাগের নির্বাচনী বোর্ডের সভা স্থগিত করতে আমরা ভিসি স্যারের কাছে অনুরোধ করেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘যার বিষয়ে অভিযোগ উঠেছে, সে (রন্টু দাশ) বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ীই প্রভাষক পদে আবেদন করেছে।’
শুধু রন্টু দাশের জন্যই ইতিহাস বিভাগসহ কয়েকটি বিভাগে আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম বদলানো হয় কোনো ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে নয়। এটি হয়ে থাকে সুনির্দিষ্ট পর্ষদের সুপারিশের ভিত্তিতে এবং সকলের জন্য।’ অন্যান্য ক্ষেত্রেও নিয়ম ঠিক আছে বলে দাবি করেন উপাচার্য।