চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের এক নেতাকে ধরে নিয়ে গিয়ে ছাত্রশিবির পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে চকবাজারে একটি রেস্তোরাঁয় নাশতা করার সময় রাজীব সাহা নামে ওই নেতাকে পেটানো হয়।
চমেক সূত্র জানায়, রাজীব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি। বর্তমানে তিনি এমবিবিএস শেষ বর্ষের ছাত্র। মারধরে আহত রাজীবকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ হাত ও মাথায় আঘাত রয়েছে।
চমেক ছাত্র সংসদের সহসভাপতি দেবাশীষ চক্রবর্তী জানান, গতকাল সকাল সাতটার দিকে চকবাজারের চক মালঞ্চ রেস্তোরাঁয় অন্য তিনজন ছাত্রসহ নাশতা করতে যান রাজীব। এ সময় শিবিরের দুই-তিনজন ছেলে এসে রাজীবকে ধরে নিয়ে যায়। অন্য তিনজনকে ধমক দিয়ে সেখান থেকে বের করে দেয় হামলাকারীরা।
পরে শিবিরনিয়ন্ত্রিত রেটিনা কোচিং সেন্টারের নিচে নিয়ে গিয়ে রাজীবকে ইট দিয়ে আঘাত ও মারধর করা হয়। এ ঘটনায় চমেক ছাত্রশিবিরের দুজন জড়িত বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দেবাশীষ জানান।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। তবে আমাদের ছেলেরা এটাতে জড়িত বলে মনে হয় না। আর ঘটনাটি ক্যাম্পাসের বাইরে। আমি শুনেছি রাজীবের সঙ্গে ক্যানটিনের কর্মচারীদের কী ঘটনা ঘটেছে।’
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘আমি শুনেছি। তবে এখনো অভিযোগ পাইনি।’