ছাত্রলীগ নেতাকে হত্যার দায়ে চার শিবির ক্যাডারের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় গুলি করে ছাত্রলীগের এক নেতাকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিবিরের চার ক্যাডারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক আহমদ এ রায় দেন। রায়ে চার আসামিকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হামিদ, রহমত উল্লাহ, সুজন ও মুজাহিদুল ইসলাম। তবে দণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক। মামলার অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’ আদালত সূত্র জানায়, ২০০০ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ঘটনার সূত্রপাত। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করে প্রতিহতের ঘোষণা দেয়। নির্বাচনের ভোট গ্রহণের দিন বাকলিয়া এলাকায় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহেদা কাসেম সাথীর বাসার সামনে বাকলিয়া ছাত্রলীগের নেতা শফিউল ইসলামকে গুলি করে জামায়াত-শিবিরের অনুসারী সন্ত্রাসীরা। ওই হামলার পর এলাকা থেকে শিবিরের ক্যাডারদের বের করে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের ভাতিজা ছাত্রলীগের নেতা আরিফুল ইসলামকে হত্যার পরিকল্পনা করে।আদালত সূত্র আরও জানায়, ২০০০ সালের ১৫ জানুয়ারি দুপুরে আরিফ পরীক্ষা শেষে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। রিকশাটি নগরের ডিসি রোডের মাথায় পৌঁছালে সন্ত্রাসীরা আরিফকে রিকশা থেকে নামিয়ে দুই পায়ে গুলি করে। গুলিবিদ্ধ আরিফ ওই বছরের ১৯ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরিফের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় আটজনকে আসামি করে মামলা করেন। ২০০৯ সালের ৪ আগস্ট আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ২০১১ সালের ১৭ এপ্রিল অভিযোগ গঠন করেন। মামলার ৪৪ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।