ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ দেওয়ায় তিন শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ছাত্রলীগের দুই নেতাকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়ায় নেতা-কর্মীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রাধ্যক্ষসহ তিনজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুজন অছাত্রকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম। এরা আইনের শাসন মানে না, হলে শৃঙ্খলা চায় না। সবাই বলছে, এরা নাকি ছাত্রলীগের নেতা-কর্মী।’ প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ছাত্রদের হল ছাড়ার নোটিশ দিয়েছিলেন হল প্রাধ্যক্ষ। গতকাল রাত ১১টার দিকে আবাসিক শিক্ষকদের সঙ্গে নিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালান তিনি। এ সময় শিক্ষকেরা ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ৩১০ নম্বর কক্ষে অবস্থানকারী মশিউর রহমান (পদ নেই) ও ২০৫ নম্বর কক্ষে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রেজা সেকান্দারকে হল ছাড়ার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরই দুজন তাঁদের অনুসারীদের নিয়ে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক মাহবুব কায়সার ও আশফাক হোসেন লাঞ্ছিত হন। এরপর নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও ঘটনা শান্ত করতে আসা সহকারী প্রক্টররা প্রাধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন। এ সময় হলজুড়ে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।